চুয়াডাঙ্গায় অরিন্দমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর ৩য় দিনে নজরুল স্মরণোৎসব

আলোচনা, সাংস্কৃতিক পর্ব ও নাটক ‘নীলকুঠি’ মঞ্চস্থ

আপলোড তারিখঃ 2025-10-28 ইং
চুয়াডাঙ্গায় অরিন্দমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর ৩য় দিনে নজরুল স্মরণোৎসব ছবির ক্যাপশন:

‘আমার সীমার বাঁধন টুটে/দশ দিকেতে পড়বে লুটে’ স্লোগানে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিন ব্যাপী উৎসবের গতকাল সোমবার ছিল তৃতীয় দিন। এদিন সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীও এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি বজলুর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান।


তিনি বলেন, ‘কাজী নজরুল একজন বিদ্রোহী কবি ছিলেন। তার লেখা কবিতা, গান, গজল বাঙালির অনেক অনুপ্রেরণার সাক্ষী। তাঁর রচিত গান কবিতা আজও অমর হয়ে আছে। তার কথা বলতে গেলে শেষ করা সম্ভব নয়, বাঙালির সর্বস্তরে তাঁর অবদান রয়েছে। সাংস্কৃতির সঙ্গে তো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত। তাঁর রচিত কবিতা, গান ছাড়া সাংস্কৃতি অসম্পূর্ণ। আমাদের জেলা এবং সকল প্রতিষ্ঠানে এমন গুণীজন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা থাকা জরুরি। তবেই তাদের অনুপ্রেরণা বাড়বে।’


বিশেষ অতিথির বক্তব্য দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘কাজী নজরুল ইসলাম মানুষের কথা বলেছেন, সমাজের কথা বলেছেন, সভ্যতার কথা বলেছেন, কীভাবে সমাজ বদলে দেওয়া যায়, সেই কথা তিনি বলেছেন। ৫ আগস্টের পর এমন একটি পরিস্থিতি তৈরি হয়ছিল যে শিল্পকলা তার নাটকের আয়োজন করতে পারেনি। এবং বিভিন্ন জেলায় সাহিত্যের কোনো চর্চা করা যায়নি। অন্ততপক্ষে আজকে আমরা দেখছি কিছুদিন আগে কুষ্টিয়াতে লালন মেলার আয়োজন করা হয়েছে, মেহেরপুরে দেখলাম যাত্রাপালার আয়োজন করা হয়েছে, আর চুয়াডাঙ্গায় অরিন্দম এই সাংস্কৃতিক  আয়োজন করেছে। পরিস্থিতি কিছুটা হলেও পাল্টিয়েছে। আমাদের যে দর্শন, মানুষের যে দর্শন, সেটা যদি মানুষের মতো মানুষের জায়গায় নিয়ে যেতে চাই, তবে নিঃসন্দেহে সাংস্কৃতিক চর্চার একটি বড় ভূমিকা রয়েছে। সাহিত্য বা নাটক যেটাই বলি না কেন, সমাজ বদলের ক্ষেত্রে এর অবদান অতুলনীয়। সর্বশেষ আমি বলতে চাই- সকল অপশক্তির বিরুদ্ধে আমরা যেন সঙ্ঘবদ্ধভাবে আমাদের লড়াইকে জারি রাখতে পারি, সমাজকে যেন আমরা এগিয়ে নিতে পারি। আমাদের সমাজ নির্মাণের ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে এই সাংস্কৃতিক ধারাকে ঊর্ধ্বে তুলে ধরতে পারি, এটিই আমাদের সংকল্প হোক।’



অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নাট্য সম্পাদক দেলোয়ার হোসেন বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় সগযোগী অধ্যাপক প্রধান ড. মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কাজী নজরুল ইসলামের রচিত নীলকুঠি নাটকটি। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের পরিবেশনায় মঞ্চ নাটকে অংশগ্রহণ করেন বিভিন্ন চরিত্রে অভিনয় করা শিল্পীবৃন্দ। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হওয়া নাটকটি উপভোগ করেন দর্শকবৃন্দ।


নাটক শেষে দর্শক অনন্যা মালাকার বলেন, ‘আমার নজরুলের নীলকুঠি নাটকটি দেখার খুব ইচ্ছা ছিল, ঢাকায় একবার থিয়েটারে এই নাটক দেখার সুযোগ হয়েও দেখতে পারিনি। তাই এবারে চুয়াডাঙ্গায় সুযোগটা হাতছাড়া করিনি। নাটকটি বাঙালির সাথে সাহেবদের করা অত্যাচারের কথা মনে করিয়ে দেয়। নীল চাষের জন্য দরিদ্র চাষীদের ওপর করা নির্যাতন ও বাঙালি মা-মেয়েরা কতটা নিরাপত্তাহীনতায় ছিল, তা মনে করিয়ে দেয়। এবং কিছু বাংলার দামাল সাহসী যুবকের সাহসের নমুনাও দেখা যায় নজরুলের এই নীলকুঠি নাটকটিতে। আজকের নাটকের ভেতরে হওয়া গানগুলো ছিল খুব চমৎকার। সকলের অভিনয়ই ছিল মনোমুগ্ধকর এবং একদম বাস্তবমুখী।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সভাপতি মো. আলাউদ্দীন, সাধারণ সম্পাদক নাট্যকার এবং কণ্ঠশিল্পী হিরন-উর-রশীদ শান্ত, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজীর আহম্মেদ, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, সদস্য আব্দুল মালেক, জুলফিকার আলী ভুট্টোসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)