ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী পথসভায় দলটির চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘দেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য জামায়াতকে মাত্র ৫ বছরের সুযোগ দিন।’ গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টায় ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’- স্লোগানে আলমডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এরশাদপুর রানা মোড়ে অনুষ্ঠিত হয় এ নির্বাচনী পথসভা।
সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির নাজমুস সালেহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু এবং আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রাসেল বলেন, ‘বাংলাদেশের নানা সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান। বিভিন্ন সময়ে বিভিন্ন দল ক্ষমতায় এলেও সমস্যার সমাধান হয়নি; বরং বেড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করছে, যেমনটি করেছিলেন আমাদের রাসুল (সা.) জাহেলিয়াতের সমাজকে ন্যায়ভিত্তিক সমাজে রূপান্তর করে।’
তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতি করি ব্যবসা-বাণিজ্যের জন্য নয়, করি দেশের মানুষের কল্যাণের জন্য। দুর্নীতির সমাধান, অন্যায়-অবিচার দূরীকরণ, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে জামায়াতকে দাঁড়িপাল্লায় একবার ভোট দিন। একটিবার আমাদের পরীক্ষা করে দেখুন, আমরা আমাদের কথা রাখি কি না।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমির মো. মাহের আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরসহ স্থানীয় নেতা-কর্মীরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলমডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমির ও আলমডাঙ্গা হাইরোড বড় মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী। তিনি দোয়ায় দেশের জন্য হযরত ওমর ফারুক (রা.)-এর মতো ন্যায়পরায়ণ শাসক কামনা করেন এবং সবাই যেন ইসলামের পক্ষে ভোট দেয়- সেই আহ্বান জানান।
