ছবির ক্যাপশন:
যুব সমাজ ও এলাকার সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় হাসাদাহ মডেল কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (দামড়হুদা ও জীবননগর সার্কেল) আনোয়ারুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসাদাহ ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে সকলকে সচেতন হতে হবে। সেই সাথে মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। আর এলাকার কেউ চিহ্নিত দুষ্কৃতকারী অথবা মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদের ধরে আইনের হাতে সোপর্দ করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, হাসাদাহ ক্যাম্পের এএসআই মাসুদ রানা, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি শফিকুল আলম লিটন, জীবননগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ মাসুদ, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা ইস্রাইল, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ।
