ছবির ক্যাপশন:
নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে গতকাল বুধবার এই তিন জেলায় পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে দিবসটি উপলক্ষে র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। এরপর দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভাটি আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) চুয়াডাঙ্গা সার্কেল।
সভার শুরুতে সড়কে চলাচলে নিয়ম-শৃঙ্খলা বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর সভায় স্বাগত বক্তব্য দেন বিআরটি চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক লিটন বিশ্বাস। এরপর সড়কের গতিপথ ও ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা কমে নিয়ে আসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা করা হয়। বিআরটি চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক নজরুল ইসলামের সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। তাই শহরের চলাচলে গতিসীমা মেনে চলতে হবে। বেপরোয়া ও অতিরিক্ত গতিতে মোটরযান চালানো যাবে না। মোটরসাইকেল চালকদের অব্যশই হেলমেট পরিধান করে গাড়ি চালাতে হবে। সবাইকে সচেতন হয়ে সড়কে গাড়ি চালাতে হবে। সড়ক দুর্ঘটনার আহত ও নিহতদের পাশে থেকে অর্থ দিয়ে সাহায্য করছে সরকার। আর যুবকদের উদ্দেশ্য বলি- রাস্তায় ভালোভাবে গাড়ি চালাতে হবে। কোনো রকম সড়কের আইন তোয়াক্কা করা যাবে না। তাই সড়কের নিয়ম কানুন ঠিক রেখে গাড়ি চালনার পরামর্শ সবার। একটা কিছু হলে সারা জীবনের কান্না হয়ে যাবে। তাই সবাই সচেতন হয়।
এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল হোসেন, প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনউদ্দীন, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রকৌশলী কাজী রফিকুল হক, জেলা মাইক্রোবাস বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, জুলাই যোদ্ধা আসলাম হোসেন অর্ক, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ টনিক, জেলা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) মোহাম্মদ সুজাত কাজী, সিনিয়র সাংবাদিক শাহ আলম সনি প্রমুখ। সভার শেষ পর্বে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১১ জনের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
মেহেরপুর:
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, আবির আনসারী, শেখ তৌহিদুল কবীর, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামুল উল হক, মেহেরপুর বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) টিআই আব্দুল হান্নান, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব, আরটিসি’র সদস্য রফিকুল আলম, জেলা ট্রাক মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ। আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ঝিনাইদহ:
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ বিআরটিএর ইন্সপেক্টর সজিব সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।
