ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার বৈদ্যনাথপুর গ্রামের এক কৃষকের বাড়ি থেকে একটি গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে চোরচক্র বাড়িতে ঢুকে গোয়াল থেকে গরু নিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক চিৎকার করলে তাকে পিটিয়ে আহত করে চোরেরা। জানা গেছে, আলমডাঙ্গার বৈদ্যনাথপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. আবুল হোসেন রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে চোরেরা তার বাড়িতে ঢুকে গোয়াল থেকে একটি গরু খুলে নিয়ে যাচ্ছিল।
তারা স্টিয়ারিং গাড়িতে তোলার সময় গরুর মালিক আবুল হোসেন টের পেয়ে যান। এসময় তিনি বাটাম হাতে চোর তাড়া দিলে চোরেরা বাটাম কেড়ে নিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে গরু নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আবুল হোসেনকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
