ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (CMSA)-এর ২০২৫ সেশনের নির্বাচনে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে শতাধিক মেডিকেল শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গত বৃহস্পতিবার গণতান্ত্রিক এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে ডা. মো. শাহরিয়ার সিয়াম এবং জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ডা. তানজিয়া তাসমিম চাঁদনী বিজয়ী হন।
প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. মো. শাহরিয়ার সিয়াম (ইন্টার্ন ডাক্তার, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর) ও ডা. মো. রাকিব হোসেন (ইন্টার্ন ডাক্তার, রংপুর মেডিকেল কলেজ)। এর মধ্যে ডা. শাহরিয়ার সিয়াম ৭০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. তানজিয়া তাসমিম চাঁদনী (ইন্টার্ন ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজ) ও ডা. আবরার হাসনাত হৃদয় (ইন্টার্ন ডাক্তার, রাজশাহী মেডিকেল কলেজ)। ডা. চাঁদনী ৬৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।
বিজয় ঘোষণার পর ডা. মো. শাহরিয়ার সিয়াম বলেন, ‘চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সংগঠন। আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছি। যারা আমাকে বিশ্বাস করে নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটি শিক্ষার্থীদের স্বার্থ ও সংগঠনের উন্নয়নে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।’
জিএস পদে বিজয়ী ডা. তানজিয়া তাসমিম চাঁদনী বলেন, ‘জেনারেল সেক্রেটারি হিসেবে সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও সমন্বয় বজায় রেখে সক্রিয় ভূমিকা রাখবো। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো।’
নির্বাচন পরিচালনা করেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোমিন হৃদয়। তিনি বলেন, ‘এর আগে সংগঠনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে সিলেকশনের মাধ্যমে দায়িত্ব নির্ধারিত হতো। এবার গণতান্ত্রিক ধারা বজায় রাখতে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি, নবনির্বাচিত কমিটি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করে সংগঠনকে আরও এগিয়ে নেবে।’
