‘জনতা যার পাশে, তার ক্ষতি কেউ করতে পারে না’

ধানের শীষের পক্ষে বোয়ালিয়ায় পথসভা শরীফুজ্জামান শরীফ

আপলোড তারিখঃ 2025-10-17 ইং
‘জনতা যার পাশে, তার ক্ষতি কেউ করতে পারে না’ ছবির ক্যাপশন: পথসভায় বক্তব্য দিচ্ছেন শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত হয়েছে এক পথসভা। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর এই পথসভা ঘিরে পুরো মাঠে জড় হন  স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। 


এদিকে, বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই পথসভায় বার বার প্রতিধ্বনিত হয় ‘শরীফ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছড়িনাই’, ‘ধানের শীষের বিজয় হবেই’ এমন নানা স্লোগান। সভায় বক্তব্য দেন জেলা বিনপির এই নেতা। উপস্থিত জনতা দাড়িয়ে থেকে তাঁর বক্তব্য শোনেন এবং বজ্রকণ্ঠে জানায়, চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের বিজয় তারা নিশ্চিত করবেন।


শরীফুজ্জামান শরীফ তার বক্তব্যে বলেন, ‘দেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের সংগ্রাম চলবে, এবং তা হবে ঐক্যবদ্ধভাবে। চুয়াডাঙ্গার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও মহল্লায় বিএনপিকে সংগঠিত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী দল দেশের সর্ববৃহৎ সংগঠন। অতীতে চুয়াডাঙ্গায় বিএনপি ছাড়া কার্যকর কোনো সংগঠন ছিল না। অন্যরা শুধু নামমাত্র কমিটি বানিয়ে প্রচার করেছে, বাস্তবে তারা ব্যর্থ হয়েছে। ১০ বছরেও তারা ছাত্রদল কিংবা যুবদলের কার্যকর কমিটি গঠন করতে পারেনি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘যখন আমরা মাঠে নেমে কমিটি গঠন করছিলাম, তখন অনেকে আওয়ামী দোসরদের ভয়ে মুখ বন্ধ রেখেছিলেন। কিন্তু বিএনপিকে যারা প্রকৃতপক্ষে ভালোবেসেছে তারা  কোনো ভয়কে পরোয়া করেনি। আমরা তখনো রাজপথে ছিলাম, আছি, থাকব।’

তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তবে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আমরা রাজপথেই আন্দোলন চালিয়ে যাবো।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে কেউ লাভবান হতে পারবে না। কারণ জনতা যার পাশে, তার ক্ষতি কেউ করতে পারে না। যারা গ্রুপিং মনোভাব পুষে রাখছেন, তারা বুঝে রাখুন— তারা শরীফের বিপক্ষে নয়, দলের বিপক্ষে কাজ করছেন। আমি ব্যক্তি শরীফ নই, এখন আমি দল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক। দলের বিরুদ্ধে অবস্থান মানে মানুষের আশা, ভালোবাসা ও শক্তির বিরুদ্ধে যাওয়া। আপনারা নিজেদের ভুল শুধরে নিন। ব্যক্তির জন্য নয়, দলের জন্য কাজ করুণ।’

তিনি আরও বলেন, ‘আমি এক দিনে শরীফুজ্জামান শরীফ হইনি। দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে লড়াই করে, দলের প্রতিটি নির্দেশনা পালন করে আজকের অবস্থানে এসেছি। যারা এখন এসে মনোনয়ন পেতে চান, তারা সাংগঠনিকভাবে কাজ করুন, দলের নিয়ম মেনে এগিয়ে আসুন। মিথ্যা রটিয়ে মনোনয়ন পাওয়া যাবে না। দল যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেবে।’ 

বক্তব্যের শেষাংশে জেলা বিএনপির এই নেতা উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মনোনয়ন যেই পাক না কেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। কেউ বিতর্ক তুললে বলবেন, আমরা ধানের শীষের বাইরে না, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনার বাইরে না।’ 


চুয়াডাঙ্গা নির্বাচনের মাঠে এখন একই কথা শোনা যাচ্ছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রতিদিনই মানুষের দোরে দোরে যাচ্ছেন, পথসভা, গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন। মাঠে এখন একটাই বার্তা, ধানের শীষের জয় নিশ্চিত করতেই হবে।  

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হক মাহবুব, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।


আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, সহ-সভাপতি আশিক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খাজা মহিউদ্দিন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা হাসিবুল ইসলাম ও সদর উপজেলা যুবদলের সদস্য আরিফুল আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)