ছবির ক্যাপশন:
হত দরিদ্র চাঁদ আলীকে ঘর করে দিয়েছে চুয়াডাঙ্গা জেলা জামায়াত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াতের জেলা আমির মো. রুহুল আমিন নির্মিত ঘর উদ্বোধন করেন। উদ্বোধন করার সময় জেলা আমির রুহুল আমিন বলেন, ‘আমরা মানবতার জন্য কাজ করতে চাই। জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন; মানবতার কল্যাণে জামায়াত কাজ করে থাকে। বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো জামায়াতের মৌলিক কাজ। তারই অংশ হিসেবে আজকের কর্মসূচি। জামায়াত ক্ষমতায় এলে মানবতার কল্যাণে আরও বেশি কাজ করতে সক্ষম হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘চাঁদ আলী ফেরি করে জীবনযাপন করেন। গত ৯ অক্টোবর তার অবুঝ সন্তানের অসাবধানতার ফলে ঘরে গ্যাস লাইটে আগুন লেগে সব পুড়ে যায়। যেদিন আগুন লাগে আমরা সেদিনই এসেছিলাম। আমরা সকলে মিলে ঘরটি মেরামত করার প্রচেষ্টা চালাই। প্রতিশ্রুতি অনুসারে এসে দেখি ঘরটি বসবাসযোগ্য হয়েছে। বাড়িতে বসবাসের জন্য চৌকি, বিছানা ও টিউবওয়েলের জন্য সহযোগিতা করা হয়েছে। আমরা শুধু রাজনীতি করি না, মানুষের জন্য কাজ করতে চাই। সমাজের বঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের কাছেও আহ্বান জানাই।’
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি রাব্বি হাসান, পৌর যুব বিভাগের সেক্রেটারি বাবু হাসান প্রমুখ।
