চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধে মারামারি, আহত ৩

আপলোড তারিখঃ 2025-10-17 ইং
চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধে মারামারি, আহত ৩ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার পৌর শহরের সিঅ্যান্ডবি পাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সজীব কুমার সরদার (২৪) নামের এক যুবক জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিঅ্যান্ডবি বৃন্দাবনপাড়ায় এ ঘটনা ঘটে। জখম সজীব কুমার সরদার ডিঙ্গেদাহ তামাক সেন্টারের পরিচ্ছন্ন কর্মী ও বৃন্দাবনপাড়ার দিলীপ সরদারের ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন- রাম সরদার (৩০) ও লালন (৩৫)।


আহত লালন জানান, একই এলাকার পটলার কাছে রাম সরদার একটি মোবাইল ফোন বন্দক রেখেছিলেন। গত ৫ অক্টোবর টাকা পরিশোধ করতে না পারায় পটলা টাকা আদায়ের জন্য হাটকালুগঞ্জ এলাকার ইমরান (২৫) ও তার সহযোগীদের নিয়ে বিকেলে বৃন্দাবনপাড়ায় আসেন। সেখানে রামের সঙ্গে পটলা ও ইমরানের বাগবিতণ্ডা বাধে। এসময় সজীব কুমার সরদার দুই পক্ষের বিরোধ মীমাংসার চেষ্টা করলে ইমরান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ইমরান রামদা দিয়ে সজীবকে কুপিয়ে জখম করে। তারা রাম ও আমাকেও পিটিয়ে আহত করে।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সজীব কুমার সরদার পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন আক্তার বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে তিনজন আহত অবস্থায় হাসপাতালে আসে। তাঁদের মধ্যে সজীব কুমারের মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অন্য দুজন সামান্য আহত হয়েছেন।’


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)