ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নে বিএনপির ৩০০ নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার খবরকে ভুয়া বলে জানিয়েছে আলমডাঙ্গা উপজেলা বিএনপি। তাদের দাবি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কারের কয়েকদিন পর আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে ভাগ্নে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর হয়ে কাজ করার জন্য জামায়াতে যোগদান করে অপপ্রচার করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় আলমডাঙ্গা উপজেলাধীন বেলগাছী ইউনিয়নে ৩০০ বিএনপি নেতা-কর্মী জামায়াতে যোগ দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে বিএনপির বহিষ্কৃত এক নেতা, তার আপন বোনের ছেলে জামায়াতের প্রার্থী। সে এবং আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থককে জামায়াতে যোগদান দেখিয়ে বিএনপির নেতা-কর্মী হিসেবে সংবাদ পরিবেশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া।
বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত পক্ষে বিএনপির কোনো নেতা-কর্মী জামায়াতে যোগদান করে নাই। বিএনপি একটি সুসংগঠিত দল। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাতে সফল হয়নি। কিন্তু এখনতো প্রশ্নই ওঠে না। বিএনপি অতীতে ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। বিএনপির প্রতিটি নেতা-কর্মী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর আস্থাশীল।
বিবৃতিতে বলা হয়, আমরা আলমডাঙ্গা উপজেলা বিএনপি উক্ত ভুয়া ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের ভুয়া ও মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সাংবাদিক ভাইগণকে অনুরোধ জানাচ্ছি।
