ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে জামায়াতের যোগদান ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৪ শতাধিক ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগ দেন। নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন স্থানীয় নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন। সভায় রুহুল আমিন বলেন, ‘আজ যারা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দিয়েছেন, তারা আমাদের সহোদর ভাই। আমরা হয়তো হাটের পারমিট বা ঠিকাদারি পারমিট দিতে পারব না, কিন্তু আপনাদের সঠিক পথের দিশা দিতে পারবো- এটাই আমাদের প্রতিশ্রুতি।’
তিনি আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, যে শাসনে দিনের ভোট রাতে হয়েছে, শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। সেই সময় শাপলা চত্বরে আলেমদের হত্যার মতো নির্মম ঘটনাও ঘটেছিল। ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হলেও এখন দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে। মানুষ শান্তি ও নিরাপত্তা চায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। জামায়াতের নেতৃবৃন্দ জানিয়েছেন, বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৪ শতাধিক ব্যক্তি এদিন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
