ছবির ক্যাপশন:
সদ্য প্রয়াত চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) মাগরিব নামাজের পর জেলা সাহিত্য পরিষদ চত্বরে পৌর উপজেলা বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হক আজিজুলসহ পৌর সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে, রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও প্রয়াত নেতার পরিবারের উদ্যোগে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত শুক্রবার (১০ অক্টোবর) বাদ আছর। চুয়াডাঙ্গা-১ আসনের অন্তর্গত ২১টি ইউনিয়নে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এদিন জুমার নামাজের পর পৌর শহরের সাতটি মসজিদেও মির্জা শিপলুর পরিবারের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য, গত রোববার (৫ অক্টোবর) ঢাকার ধানমণ্ডিতে মেজ ভাইয়ের বাসায় স্ট্রোকে মারা যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তৃণমূলের জনপ্রিয় নেতা মির্জা ফরিদুল ইসলাম শিপলু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। সেদিন আসরের নামাজের পর ঢাকার মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলাম আল মাদানি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে রাত দেড়টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে তিনি শেষবারের মতো ফিরে আসেন প্রিয় শহর চুয়াডাঙ্গায়। পরদিন সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
