ছবির ক্যাপশন:
দর্শনায় সার বিক্রিতে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে বিসিআইসি ও বিএডিসি সার ডিলার মেসার্স নজরুল ইসলামকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে দর্শনা পুরাতন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএইচএম তাসফিকুর রহমান। অভিযানে সহায়তা করেন দর্শনা থানা পুলিশের একটি টিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল দর্শনা পুরাতন বাজারের মেসার্স নজরুল ইসলাম কৃষকদের কাছে বাংলা টিএসপি বিক্রি না করে মজুদ করছেন। এমন অভিযোগের সত্যতা না পেলেও নিয়মবহির্ভূতভাবে কৃষকদের নামে বরাদ্দ দেখিয়ে খুচরা দোকানে সার সরবরাহের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রিরও প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই ব্যক্তির মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান সাইফুল ইসলাম সোহেল ট্রেডার্সেও অভিযান পরিচালনা করা হয়। দুই প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রির অভিযোগে মেসার্স নজরুল ইসলামকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএইচএম তাসফিকুর রহমান বলেন, একই মালিকের দুটি প্রতিষ্ঠানে সার বিক্রিতে অনিয়ম করায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
