ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পরিবেশিত হলো আত্মহত্যা প্রবণতা বিরোধী পথনাটক ‘এসো জীবন বাঁচাই’। গতকাল রোববার রাত ৮টায় জেলা মহিলা ক্লাব প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের আমন্ত্রণে ওয়েভ ফাউন্ডেশনের থিয়েটার ইউনিট এই নাটক পরিবেশন করে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ওয়েভ ফাউন্ডেশন থিয়েটার ইউনিটের কর্মকর্তা ইসমাইল হোসেন টিটো। তিরিশ মিনিটের এই নাটকে অভিনয় করেছেন একদল তরুণ ও কিশোর-কিশোরী।
নাটক প্রদর্শনের পরে অনুষ্ঠিত হয় মুক্তালোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এবং অন্যান্য জেলা প্রশাসন ও বিভাগীয় কর্মকর্তারা। বক্তারা নাটকের বিভিন্ন সবল ও দুর্বল দিক তুলে ধরে সময়োপযোগী বিষয়বস্তু হিসেবে এর ব্যাপক প্রদর্শনী কামনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আমরা সংগ্রামী জাতি। বড় বড় লড়াই ও সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু ছোট ছোট সমস্যা বা সংসারিক, আর্থিক, সামাজিক চাপের কারণে কেউ নিজেকে হানিকর পরিস্থিতিতে ফেলে দেওয়া ঠিক নয়। তাই চুয়াডাঙ্গার মানুষকে আত্মহত্যা প্রবণতা থেকে রক্ষা করতে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন।’
