ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী ও অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে অভিযান চালিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে ভারতীয় মদ উদ্ধার এবং নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৫৯/১-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে সামন্তা চারাতলাপাড়া গ্রামের রাস্তার পূর্ব পাশ থেকে আসামীবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন দুপুর ২টার দিকে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহলকালে সীমান্ত পিলার ৬১/১৬-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রাম থেকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
পরদিন শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মাইন উদ্দিনের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ৫২/২১-আর থেকে ২০ গজ বাংলাদেশের ভেতরে মাটিলা গ্রামের বিজিবি পোস্টের সামনে কোদলা নদীর তীর থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে দুইজন বাংলাদেশি নাগরিক আটক হয়। তাদের মধ্যে একজন নারী ও অপরজন শিশু। আটককৃতদের পরে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, মানবপাচার ও অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
