ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইসরাফিল আলম সনিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, জাল টাকা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ এডি রেজিমেন্টের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনা ও পুলিশের একটি যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। আটক ইসরাফিল আলম সনি আলমডাঙ্গা মিয়াপাড়ার আবু তাহেরের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা আর্মি ক্যাম্পে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এলাকার কুখ্যাত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী পিয়াল মাহমুদ সাদ্দাম এবং তার সহযোগী ইসরাফিল আলম সনির বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ইসরাফিলকে আটক করা হলেও পিয়াল মাহমুদ সাদ্দাম পালিয়ে যায়।
অভিযানের সময় ইসরাফিল আলম সনির কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা, ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক বোতল বিদেশি মদ, চারটি দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি, রামদা, হাসুয়া ও ছুরি), ৫০০ টাকার জাল নোটসহ নগদ ২ লাখ ৪৭ হাজার ৮৩০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত মালামাল ও আটক ইসরাফিলকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পলাতক আসামি আলমডাঙ্গা মিয়াপাড়ার মৃত মজিদ মিয়ার ছেলে পিয়াল মাহমুদ সাদ্দামকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ইসরাফিল আলম সনিকে থানা হেফাজতে দিয়েছে সেনাবাহিনী। ইসরাফিল আলম সনি এবং পলাতক পিয়াল মাহমুদ সাদ্দামকে আসামি করে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’
