ছবির ক্যাপশন:
চলতি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি বিভাগ থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ পেয়ে খুশি মেহেরপুর সদর উপজেলার ৪ হাজার কৃষক। চলতি মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করতে উপজেলা কৃষি অফিস থেকে ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ, সার, কীটনাশক ও উপকরণ সরবরাহ করা হয়েছে। পেঁয়াজ বীজ পেয়ে বীজতলা তৈরি থেকে শুরু করে চারার যত্ন ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।
সরেজমিনে দেখা যায়, পেঁয়াজের বীজতলা পরিচর্যা, আগাছা পরিষ্কার ও কীটনাশক প্রদানসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। মাঠ পর্যায়ে বীজতলা থেকে মূল জমিতে পেঁয়াজের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে।
দরবেশপুর ব্লকের কৃষক শাজাহান বলেন, কৃষি বিভাগ থেকে আমরা যথাসময়ে সার বীজ পেয়েছি, বীজতলায় বীজ বপনের পর শতভাগ অঙ্কুরোদগমও হয়েছে। তবে দীর্ঘ সময় বৃষ্টিপাতের কারণে চারা রোপণে কিছুটা বিলম্বিত হলেও ভালো ফলনের আশা করছি। একই ব্লকের কৃষক হাবিবুর রহমান বলেন, চারা মূল জমিতে রোপণের মতো হয়ে গেছে। কিছু কিছু জমিতে রোপণ শুরু করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে স্বল্প সময়ের মধ্যে রোপণ কাজ শেষ করবো। এতে আমরা খুশি। কৃষক উজির শেখ বলেন, এবছরে বৃষ্টিপাত একটু বেশি। হালকা জলাবদ্ধতায় কিছু চারা মারা গেছে। তবে মূল জমিতে চারা রোপণ কাজ শেষ করেছি। আশা করি ভালো ফলন পাওয়া যাবে।
এ বিষয়ে উপসহকারী কৃষি অফিসার এস. এম. কুতুবউদ্দিন বলেন, বীজতলা থেকে মূল জমিতে চারা রোপণ, অধিক ফলন ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ব্যবহার ও বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রণোদনার বীজ থেকে প্রতি কৃষক এক বিঘা আবাদ করতে পারবে, সঠিক পরিচর্যা ও যত্ন নিলে বিঘা প্রতি ৮০-১০০ মণ ফলন পাবে। এতে কৃষক লাভবান হবে।
