ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্বশত্রুতার জেরে প্রবাসী ভাতিজার ক্রয়কৃত জমি থেকে গাছ ও ফসল কেটে দখল করার অভিযোগ উঠেছে আপন চাচা ও অন্যান্যদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মোছা. বিলকিস খাতুন গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বৈঠাপাড়া গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে মো. আব্দুল মান্নান মালয়েশিয়া প্রবাসী। তার স্ত্রী মেয়ের লেখাপড়ার কারণে বর্তমানে ঝিনাইদহে থাকেন। এই সুযোগে গত ৩ শুক্রবার সকালে তাঁর চাচা শ্বশুর মো. জালাল উদ্দিন (৬৩), মো. আনারুল ইসলাম, চাচাতো দেবর মো. চয়ন হোসেন (২০) এবং প্রতিবেশী মো. নজির মন্ডল (৬০)-সহ অজ্ঞাত ৩/৪ জন মিলে তাঁদের ১২ শতক জমিতে অনুপ্রবেশ করে ১৬টি মেহগনি গাছ, ৫টি কাঁঠাল গাছ, ৩টি আম গাছ, ২টি পেঁপে গাছ এবং শতাধিক কচুগাছ কেটে নিয়ে যায়। এতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ফসল ও সম্পত্তির ক্ষতি হয়।
বিলকিস খাতুন অভিযোগ করেন, প্রতিবাদ করতে গেলে বিবাদীরা তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। বিবাদীরা প্রভাবশালী কিছু লোকজনকে সাথে নিয়ে জমিটি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছে। তাঁদের পরিবার বাধা দিলে বিবাদীরা বিভিন্ন ধরনের খুন-জখমের হুমকি দিচ্ছে। স্থানীয়ভাবে কয়েকবার সালিশি বৈঠক হলেও বিবাদীরা তাঁদের সম্পত্তির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রবাসীর পরিবার জমিতে ভোগদখল করতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে তিনি আশঙ্কাবোধ করছেন। নিরুপায় হয়ে বিলকিস খাতুন ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতায় থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
