ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে ৪২ জন হাফেজে কোরআনকে সংবর্ধনা দিয়েছে ডাউকি ইউনিয়ন জামায়াতে ইসলামী। গতকাল শনিবার সকাল ১০টায় বাদেমাজু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়তের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
বক্তব্যে তিনি বলেন, ‘যারা কোরআন হিফজ করেছে, তারা আল্লাহর নির্বাচিত বান্দা। হাফেজরা কেবল কোরআনের হেফাজতকারী নন, তারা সমাজের নৈতিক দিশারি। বর্তমানে জাতি চরম নৈতিক সংকটে। এ সংকট থেকে উত্তরণে কোরআনের শিক্ষাই আমাদের একমাত্র মুক্তির পথ।’
তিনি আরও বলেন, ‘হাফেজদের শুধু ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকলে চলবে না। কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে হবে। ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনের নির্দেশনা অনুসরণ করাই যথেষ্ট। আমরা যদি আল্লাহর বাণীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, তবে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।’
বিশেষ অতিথিদের উপস্থিতি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা মসজিদ মিশন ও ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে হাফেজদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৪২ জন হাফেজের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা। এরপর বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।
