গাংনীতে বিসিআইসির সার ডিলার এনামুলের বিরুদ্ধে মানববন্ধন

দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ স্থানীয়দের

আপলোড তারিখঃ 2025-09-29 ইং
গাংনীতে বিসিআইসির সার ডিলার এনামুলের বিরুদ্ধে মানববন্ধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বিসিআইসির সার ডিলার এনামুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার জুগিন্দা বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন বিএনপির নেতা নুর ইসলাম, শফিউর রহমান ট্রমা, শহিদুল ইসলাম, লিটিল হোসেন, জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন এবং কৃষক রাজন হোসেন প্রমুখ।


বক্তারা অভিযোগ করে বলেন, বিসিআইসির সার ডিলার হিসেবে ধানখোলা ইউনিয়নে নিযুক্ত দুই ডিলারই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। মেসার্স এন আর এন্টারপ্রাইজের মালিক এনামুল হক ও মেসার্স কাদের স্টোরের মালিক হারুন অর রশিদ-দুজনেই গাংনী বাজারে ব্যবসা করেন এবং ধানখোলার বাসিন্দা নন। কৃষকদের অভিযোগ, ইউনিয়নের কৃষকদের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। ফলে তারা কৃষি মৌসুমে ঠিকমতো সার পাচ্ছেন না, আবার অনেক সময় বাজার দরের চেয়েও বেশি টাকা গুনতে হচ্ছে। ডিলারদের বিরুদ্ধে সার মজুত, খুচরা বাজারে বেশি দামে বিক্রি, কৃষকদের হয়রানি ও অসাদাচরণের অভিযোগও উঠেছে।


বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়েই এই ডিলারশিপ পেয়েছেন তারা। কাদের স্টোরের মালিক হারুন অর রশিদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের ভাই, আর এন আর এন্টারপ্রাইজের মালিক এনামুল হক আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। এনামুলের পরিবারের আরও একাধিক সদস্যের নামেও ডিলারশিপ রয়েছে, যা নিয়মবহির্ভূত।


মানববন্ধনে বক্তারা দাবি করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী স্থানীয় ও স্থায়ী বাসিন্দাদের ডিলারশিপ দেওয়ার কথা থাকলেও, তা উপেক্ষা করে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এতে স্থায়ী কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মানববন্ধনে স্থানীয় কয়েক শ’ কৃষক অংশগ্রহণ করেন।


তারা বলেন, এভাবে চলতে থাকলে ধানখোলা ইউনিয়নের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। কৃষি বান্ধব সরকারের নামে অনৈতিক সুযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)