ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ওষুধ প্রশাসনের অভিযানে তিন ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার জেহালা ও মুন্সিগঞ্জ এলাকায় বিভিন্ন ফার্মেসিতে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা শাখার ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।
অভিযান সূত্রে জানা যায়, নকল, ভেজাল, অনিবন্ধিত (আনরেজিস্টার্ড), মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনা করেছে জেলা ওষুধ প্রশাসন। অভিযানে সানী ফার্মেসি, মাইশা ফার্মেসি ও সোহাগ ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের অভিযোগে সানী ফার্মেসিকে ৭ হাজার, মাইশা ফার্মেসিকে ৩ হাজার ও সোহাগ ফার্মেসিকে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।
জেলা ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বাজারে গুণগত মানহীন ওষুধের প্রবেশ ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
