ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫। এ উপলক্ষে গতকাল রোববার দুপুর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশফাকুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
তিনি বলেন, ‘তথ্য আদান-প্রদান একটা অধিকার। এটা শুধু যে জানার জন্য নিতে হবে তা নয়, এটা দুর্নীতি হ্রাসে অনেক কাজে লাগে। আপনি যখন জানবেন যে আমার এই কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে আমাকে জবার দিতে হবে, তখন কিন্তু আপনি সচেতন থাকবেন। দুর্নীতি যাতে প্রশ্রয় না পায়, এ জন্য এই তথ্য প্রদানের আইন বাস্তবায়ন করা হয়েছে। আমরা চেষ্টা করব- স্বচ্ছ জবাবদিহিতার স্বার্থে স্ব স্ব সরকারি দপ্তরগুলোতে যারা তথ্য চাইবে, তাদের তথ্য দিয়ে সহোযোগিতা করবে। এবং যারা তথ্য নিবেন, তারাও যেন নিয়ম-কানুনের মধ্যে থেকে তথ্য সংগ্রহ করেন। তবেই এই তথ্য আইনের সুন্দর বাস্তবায়ন হবে।’
সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ আরও অনেকে। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশিস মোমতাজ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকগণ।
এদিকে, মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকে সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. আবদুল ছালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মো. আবদুল ছালাম বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে জনগণ তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হবে। পাশাপাশি সরকারি সেবা গ্রহণে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।’ অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন বাস্তবায়ন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সেবা প্রাপ্তিতে স্বচ্ছতা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, ‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এ স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির আয়োজনে গতকাল রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে শেষ হয়।
র্যালি শেষে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এন এম শাহজালাল, কৃষিবিদ আহাম্মদ হোসন ও নাসরিন ইসলাম। বক্তারা অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন সম্পর্কে সচেতন ও কার্যকর ব্যবহারে উদ্যোগ গ্রহণের দাবি জানান।
