ছবির ক্যাপশন:
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) নিয়মিত টহল ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ উদ্ধার করেছে। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারকারী কয়েকজন বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে। জানা গেছে, গত শনিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগরপাড়া গ্রামের মাঠে হাবিলদার মো. জুয়েল আহমেদ নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই রাতে বেনীপুর বিওপির সীমান্ত পিলার ৬২/২-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের মো. কালামের আমবাগান থেকে সুবেদার মো. শরাফত আলী নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মো. রিফাত হোসেনের বাঁশ বাগানে ৬ জন বাংলাদেশি নাগরিক (পুরুষ-২, নারী-২, শিশু-২) আটক করা হয়। সুবেদার মো. আতিয়ার রহমান নেতৃত্বে এই নিয়মিত টহল পরিচালিত হয়।
গতকাল রোববার কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মান্দারতলা মেহগনি বাগান থেকে ৯ জন বাংলাদেশি নাগরিক (পুরুষ-৩, নারী-৪, শিশু-২) আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আব্বাস আলী খন্দকার।
বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাটালিয়ন ভবিষ্যতেও নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রাখবে, যাতে সীমান্ত নিরাপত্তা বজায় থাকে এবং মাদক ও অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থাকে।
