১০ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে দাফন

ঝিনাইদহে পিতার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে সন্তানদের বিরোধ

আপলোড তারিখঃ 2025-09-27 ইং
১০ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে দাফন ছবির ক্যাপশন:

ঝিনাইদহে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পিতার মরদেহ দাফনে বাধা দিয়েছে দুই স্ত্রীর সন্তানরা। দীর্ঘ সময় উত্তেজনা চলার পর পুলিশের হস্তক্ষেপ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মৃত্যুর ১০ ঘণ্টা পর মরদেহ দাফন করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে এই ঘটনাটি ঘটে। 


শাহনেওয়াজ সুমন নামের এক প্রতিবেশি জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কোলা গ্রামের বাসিন্দা লেদু দেওয়ান (৮০) ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার দুই সংসারে রয়েছে ১০ সন্তান। মৃত্যুর আগে লেদু দেওয়ান তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে প্রথম স্ত্রীর ৭ সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর ৩ সন্তানের মধ্যে তীব্র বিরোধ শুরু হয়।


লেদু দেওয়ানের মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা লাশ দাফনের প্রস্তুতি নিলে প্রথম স্ত্রীর সন্তানরা বাধা দেন। তারা দাবি করেন, সম্পত্তি ভাগ না দেওয়া পর্যন্ত পিতার লাশ দাফন করতে দেওয়া হবে না। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।


পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।


প্রয়াত লেদু দেওয়ানের প্রথম স্ত্রীর সন্তানদের অভিযোগ, তাদের পিতাকে জিম্মি করে সৎ মা ও তার সন্তানরা জালিয়াতির মাধ্যমে সম্পত্তি লিখে নিয়েছেন। তবে দ্বিতীয় স্ত্রীর সন্তানরা দাবি করেন, লেদু দেওয়ান জীবিত অবস্থায় ও সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় তাদের নামে সম্পত্তি দিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি পুলিশ ক্যাম্পের এএসআই ইকবাল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমঝোতার ভিত্তিতে দ্বিতীয় স্ত্রীর সন্তানরা প্রথম স্ত্রীর সন্তানদের ৭০ শতক জমি দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে শুক্রবার রাত ৮টার দিকে মরদেহ দাফন করা হয়। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)