ছবির ক্যাপশন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক সংকট নিয়ে সুর চড়ালেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব। যদি প্রতীক না দেওয়া হয়, তবে আমাদের সমাধান হবে রাজপথে।’ বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম অভিযোগ করেন, বৈধ প্রক্রিয়া অনুসরণ করে এনসিপি নির্বাচন কমিশনে প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কেন প্রতীক দেওয়া হবে না সে বিষয়ে কোনো আইনগত বা যুক্তিসংগত ব্যাখ্যা দেয়নি। সারজিস আলমের দাবি, নির্বাচন কমিশন কোনো একটি ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছে।
তিনি আরও জানান, এনসিপি ইতোমধ্যে গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও আরও কয়েকটি সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সারজিস বলেন, ‘আমরা আলোচনায় আছি, তবে আমাদের প্রধান লক্ষ্য—আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ।’
সংবাদ সম্মেলনে সারজিস আলম আরও বলেন, দেশে রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে ‘মামলাবাজি’ চলছে। নিরপরাধদের হয়রানি বন্ধ না হলে এনসিপি রাজপথে প্রতিবাদে নামবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২৪ ও ২০১৮ সালের নির্বাচনে যারা অংশ নিয়ে সুবিধা নিয়েছেন, আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছেন, কিংবা ফ্যাসিস্ট কাঠামোতে সহযোগিতা করেছেন- তাঁদের আগামী নির্বাচনে অংশগ্রহণের নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষেত্রে বলবো, তাদের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।’
