ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে কথিত হোমিওপ্যাথিক চিকিৎসক শহিদুল হুজুরকে (সাইদুল হুজুর নামেও পরিচিত) এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এলাকাবাসী আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বসুভান্ডারদহ গ্রামের শহিদুল হুজুর দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসকের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এর আগে তিনি মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। পাশাপাশি তার বিরুদ্ধে নারীদের সম্ভ্রমহানির অসংখ্য অভিযোগ রয়েছে বলেও এলাকাবাসী জানায়।
এদিন ডিঙ্গেদহ বাজারে এক শিশুকে বলাৎকারের চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়েন শহিদুল হুজুর। পরে ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল বলেন, ‘একটি শিশুর সঙ্গে অমানবিক কাজের চেষ্টা করতে গিয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ শিশুর পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছে। পরিবারকে পাওয়া না গেলে পুলিশের পক্ষ থেকেই আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
