পালিয়েছেন সাহারবাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা?

দায়িত্বে অবহেলা, সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ

আপলোড তারিখঃ 2025-09-25 ইং
পালিয়েছেন সাহারবাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা? ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আতিকুর রহমানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, সরকারি সেবা প্রদান না করা এবং সাধারণ ভূমি মালিকদের হয়রানির অভিযোগ উঠেছে। গত (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার একাধিক ভূমি মালিক প্রয়োজনীয় সেবা পেতে সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিসে গেলে নামজারি রিপোর্টসহ অন্যান্য কাজ সম্পন্ন করতে ব্যর্থ হন আতিকুর রহমান। অভিযোগ রয়েছে, এদিন সেবাপ্রার্থীরা ব্যাখ্যা চাইলে তিনি উল্টো তাদের সঙ্গে অসদাচরণ করেন এবং অফিস থেকে বেরিয়ে যেতে বলেন।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি কেসের রিপোর্ট প্রদানসহ সাধারণ সেবা কাজে গড়িমসি ও অজুহাতের আশ্রয় নিচ্ছিলেন। সেবা নিতে গিয়ে অনেকে বারবার ঘুরেও ফল পাননি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সেবাপ্রার্থীরা একত্রিত হয়ে ভূমি সহকারী কর্মকর্তার কাছে তাদের কাজ শেষ না হওয়ার কারণ জানতে চান। এসময় কোনো উত্তর না দিয়ে তাদের অফিস থেকে বেরিয়ে যেতে বলেন ওই কর্মকর্তা। আরও বলেন, ‘আমি অফিস রক্ষার জন্য আসি। কারো সেবার জন্য না।’ 


এ বক্তব্যের পরই স্থানীয়দের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ছড়িয়ে পড়েলে সময় বুঝে অফিস ছেড়ে পালিয়ে যান আতিকুর রহমান। বৃহস্পতিবার পর্যন্ত তিনি অফিসে ফেরেননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তাঁর অনুপস্থিতির কারণ সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি।


ভুক্তভোগীদের মধ্যে নাসির উদ্দিন, ইয়ারুল ইসলাম, আলী হোসেন, লিয়াকত, আব্দুল হামিদ, আনিসুর রহমান, শহিদুল, মুকুল মহরী, নজরুল মাস্টার, আনিস মাস্টার, তোফাজ্জেল, সাইফুল ইসলাম, শামসুল ইসলাম, এনায়েত আলীসহ আরও অনেক সেবাপ্রার্থী বিভিন্ন অভিযোগ তুলেছেন আতিকুর রহমানের বিরুদ্ধে। তারা জানান, আতিকুর রহমানের যোগদানের পর থেকেই নিয়মিত সেবাবঞ্চিত হচ্ছে তারা। হোল্ডিং নম্বর খোলা, খাজনা দেওয়া, কেস নিষ্পত্তি কিছুই ঠিকঠাক হচ্ছে না। মানুষ দিনের পর দিন ঘুরেও কোনো কাজই করাতে পারছে না। 


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, অফিসে একটু ঝামেলা হয়েছিল। সে কারণে তিনি ছুটি নিয়েছেন। যদি তিনি আর দায়িত্বে না ফেরেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘তিনি কেন অফিসে আসছেন না, তা আমি নিশ্চিত নই। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) বলতে পারবেন।’ 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)