চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়িয়ায় স্বেচ্ছাসেবীদের তৎপরতা

পাখি শিকারীদের সরঞ্জাম উদ্ধার করে বিনষ্ট

আপলোড তারিখঃ 2025-09-25 ইং
চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়িয়ায় স্বেচ্ছাসেবীদের তৎপরতা ছবির ক্যাপশন:

এই বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খাল-বিল পানিতে সয়লাব। সেই সাথে জলচর পাখির আধিক্য লক্ষ করা যায়। আর এর সঙ্গে কিছু অসাধু পাখি শিকারীর দলের আনাগোনাও বেড়ে যায়। চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মাঠের মধ্যে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় পাখি শিকারীদের জাল ও সরঞ্জাম উদ্ধার করেন তিতুদহের কয়েকজন স্বেচ্ছাসেবী দলের সদস্য।


জানা গেছে, পাখি শিকারের উদ্দেশ্যে কয়েকজন শিকারীর দল কয়েকটি অবৈধ জাল বিছিয়ে রাখে। এ খবর বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলুর নিকট পৌঁছায় স্থানীয় সচেতন মহলের মাধ্যমে। পরবর্তীতে শিপলু মাস্টার তার চৌকস টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখি শিকারের জাল ও সরঞ্জাম উদ্ধার করেন। উদ্ধারকৃত সরঞ্জামগুলো ফুলবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড়ে নিয়ে আসা হয়।


সেই স্থানে উপস্থিত সকলকে পাখির উপকারিতা ও বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়। পরে উপস্থিত সকলের সম্মতিতে জাল ও সরঞ্জাম উন্মুক্ত স্থানে ধারালো কাঁচি দ্বারা কেটে সম্পূর্ণ নষ্ট করা হয়।
এসময় আহসান হাবীব শিপলু বলেন, ‘আমাদের চুয়াডাঙ্গার প্রায় নিচু স্থানের জলাশয়ে জলচর পাখি ও তার ছানার আধিক্য লক্ষ্য করা যাচ্ছে, যা চুয়াডাঙ্গার সৌন্দর্য্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলছে। আমরা পাখি শিকার রোধে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। তারপরও কিছু অসাধু শিকারী পাখি শিকারে লিপ্ত থাকে। আমাদের টিম সক্রিয় থেকে তা প্রতিহত করতে সদা প্রস্তুত। অভিযানের সার্বিক পরামর্শ দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বন কর্মকর্তা রকিব উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন টিমের হাসানুজ্জামান রিগান, সাহাবুল ইসলাম, বায়জিদ, সতেজ, নিরব প্রমুখ। এলাকার সকলে একমত পোষণ করেন যে তারা তাদের এলাকায় কোনোভাবেই পাখি শিকার করতে দেবেন না এবং শিকারীদের প্রতিহত করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)