ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক শারমিন আক্তার।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সদস্য ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মণ্ডল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সাংবাদিক হুসাইন মালিক, মাহফুজ মামুন, মেহেরাব্বিন সানভী, আলমগীর রনি, পৌর নির্বাহী কর্মকর্তা এস.এম. রেজাউল করিমসহ টিএলসিসি সদস্য ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
সভায় পৌরসভার পূর্ববর্তী টিএলসিসি সভার কার্যবিবরণী অনুমোদন ও সংশোধন, চলমান উন্নয়ন প্রকল্প, পৌর এলাকার বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্মুক্ত আলোচনায় টিএলসিসি সদস্যরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ডাম্পিং স্টেশন পূর্ণাঙ্গভাবে চালু, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং মশক নিধন কার্যক্রম সক্রিয় রাখার প্রস্তাব দেন।
এছাড়া, পৌর বাস টার্মিনালসহ শহরের সড়কবাতি নিরবিচ্ছিন্নভাবে চালু রাখা এবং পানির লাইনে ময়লা রোধে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেন অংশগ্রহণকারীরা। শহরের ঐতিহাসিক স্থাপনা ‘শ্রীমন্ত টাউন হল’ ও ‘শহীদ আবুল হোসেন স্মৃতি পাঠাগার’ বিষয়ে আগামী ১০ অক্টোবরের মধ্যে পৌরসভার উদ্যোগে একটি সভা আয়োজন করে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘সব দায় আপনারা আমাকেই দিয়েন, ব্যর্থতা শুধু আমার। আমি একসঙ্গে কয়েকটি দায়িত্ব সামলেও চুয়াডাঙ্গা পৌরসভায় সর্বোচ্চ সময় ও আন্তরিকতা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা পৌরসভার কার্যক্রম পরিচালনা করছি। তবে পৌরবাসীকেও আমাদের পাশে দাঁড়াতে হবে। উন্নয়নে সকলে মিলে কাজ করতে হবে।’
সভায় শেষপর্যায়ে বদলিজনিত কারণে চুয়াডাঙ্গা পৌরসভার সদস্য ও জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও শুভেচ্ছা জানানো হয়।
