ছবির ক্যাপশন:
মেহেরপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দীকী। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান দমন, যানজট সমস্যা, সড়ক দুর্ঘটনা রোধ, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ জনপদের সামাজিক সমস্যাসহ সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ উপস্থাপন করেন সাংবাদিকরা।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দীকী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাংবাদিকরা আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি। সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটাতে।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস নয়। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা জনগণের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই।’
সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আপনাদের সহযোগিতায় মেহেরপুর জেলা হবে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও বাসযোগ্য এলাকা।’ মতবিনিময় সভায় সাংবাদিকদের পরামর্শ ও বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার।
