ছবির ক্যাপশন:
দর্শনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৬৩ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজাসহ মাহাবুব আলম পলাশ নামে একজনকে আটক করেছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক পলাশ একই এলাকার মৃত বদরুল আলমের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।
এসময় ২৬৩ পিস ইয়াবা, এক পুরিয়া গাজা, গাজা সেবনের কলকে, চারটি গাজা কাটার সরঞ্জাম ও একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোনসহ মাহবুব আলম পলাশ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পলাশকে আইনি কার্যক্রম শেষে মাদকদ্রব্যসহ ভোর ৩টার দিকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী আরও জামায়, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
