ছবির ক্যাপশন:
দীর্ঘ একযুগ মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন নাহার সুমি (৪৭)। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, বাবা-মা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুমি মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রফিক উল আলমের বড় মেয়ে।
নাননীজ নাহার সুমি ১৯৯৯ সালে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করে সেখানেই কর্মরত ছিলেন। তার স্বামী আব্দুস সালাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঝিনাইদহ দপ্তরের উপ-পরিচালক ও চুয়াডাঙ্গার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালে তিনি প্রথম ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন সুমি। রোগ শনাক্তের পর থেকে তিনি ইন্ডিয়াতে চিকিৎসা নিয়ে স্বাভাবিক হয়ে যায়। পরবর্তীতে ২০২৩ সালে ক্যানসারের জীবাণু আবারও মারাত্মক আকার ধারণ করে। তারপর থেকে তিনি এই দীর্ঘ সময় ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসা নেয়। সর্বশেষ গত আগস্ট মাসের ২৯ তারিখে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হয়।
পরে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মেহেরপুরের তাহের ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বুধবার সকাল ৮টায় মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে চুয়াডাঙ্গার জান্নাতুল মাওয়া কবরস্থানে শ্বশুরের পাশে তাকে দাফন করা হবে।
