ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ওষুধ প্রশাসনের অভিযানে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৪টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত সদর উপজেলার মোমিনপুর ও নীলমনিগঞ্জ বাজারের বিভিন্ন ফার্মেসিতে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা শাখার ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।
অভিযান সূত্রে জানা যায়, নকল, ভেজাল, অনিবন্ধিত (আনরেজিস্টার্ড), মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনা করেছে জেলা ওষুধ প্রশাসন। অভিযানে আনোয়ারা ফার্মেসি ও মা ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩’ এর ৪০(খ) ও ৪০(গ) ধারার লঙ্ঘনের অভিযোগে আনোয়ারা ফার্মেসিকে ৫ হাজার ও মা ফার্মেসিকে ১০ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।
জেলা ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বাজারে গুণগতমানহীন ওষুধের প্রবেশ ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’
