ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাসিবুল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর থানাধীন নুরনগর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত হাসিবুল সদর উপজেলার নুরনগর গ্রামের রবিউলের ছেলে। অভিযান সূত্রে জানা যায়, আসামি হাসিবুলের নিজ বসতঘরের উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী এক কক্ষবিশিষ্ট ঘরের টেবিলের ড্রয়ার থেকে কাপড়ের ব্যাগে রাখা ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর ওজন ২.৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৪০০ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের বিভাগীয় পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে এবং উপ-পরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদারসহ অন্যান্য সদস্যরা এই অভিযানে অংশ নেন।
