ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা ও মুন্সিগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলা এই অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, মিষ্টি, ওষুধ, সার এবং বেকারি পণ্য তদারকি করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দুপুরে প্রথমে মুন্সিগঞ্জ বাজারের শ্রী উজ্জ্বল কুমার সাহার প্রতিষ্ঠান মেসার্স মদন মোহন মিষ্টান্ন ভান্ডারে তদারকি করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া মেলে। পরে প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাজারমূল্যের চেয়ে বেশি দামে মবিল বিক্রির দায়ে আলমডাঙ্গার গোলাম মোস্তফার মালিকানাধীন তাজ মোটরসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল ও জেলা পুলিশের একটি দল।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ত্রুটিগুলো দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’
