ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি বাবু গিরিধারী লাল মোদির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ২টায় আলমডাঙ্গা মহাশ্মশানে তাঁর সৎকার সম্পন্ন হয়। সৎকার সম্পন্ন করেন নেপাল থেকে আগত পুরোহিত ঠাকুর পবন কুমার সানহাই। দাহকার্যে অংশ নিতে ভারত থেকে এসেছিলেন গিরিধারী লাল মোদির বড় ভাই বাবু ওংকার লাল মোদি, জামাতা আনন্দ বাবু, আত্মীয় লক্ষণ শর্মা, কিষণ শর্মা, লক্ষণ মোদি, গণেশ লাল মোদি ও ছোট ভাই বিজয় লালমোদি। এর আগে উত্তরা ট্রেডার্সের প্রাঙ্গণে মরদেহ শ্রদ্ধার জন্য রাখা হলে তাঁকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।
এসময় উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড, মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান দারুস সালাম, বিএনপি নেতা শেখ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, জাসদ নেতা ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী রবিউল হক।
এছাড়া বাবু গিরিধারী লাল মোদিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ব্যবসায়ী সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত হন সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম, সাংবাদিক খন্দকার শাহ আলম মণ্টু, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সনজু, সাংবাদিক আল আমিন, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী, বাবু প্রশান্ত অধিকারী, লিপন বিশ্বাস, ডাক্তার গোলাম মোস্তফা প্রমুখ।
অন্যদিকে, গিরিধারী লাল মোদির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে নেপাল, ভারত ও ঢাকা থেকে অনেক শিল্পপতি ও শুভানুধ্যায়ী আলমডাঙ্গায় ছুটে আসেন। খুলনা, নোয়াপাড়া, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, চিলাহাটি, বগুড়া, সান্তাহারসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ী ও শুভাকাক্সক্ষীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। ভারত থেকেও বহু আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন মোদির পরিবার।
বিশিষ্ট শিল্পপতি বাবু গিরিধারী লাল মোদির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বাবু গিরিধারী লাল মোদি ছিলেন আলমডাঙ্গার গর্ব, দানবীর। একজন সফল উদ্যোক্তা হয়েও গিরিধারী লাল মোদি ছিলেন একজন মানবপ্রেমী ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর প্রস্থান আলমডাঙ্গার ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি।’
উল্লেখ্য, আলমডাঙ্গা পৌর এলাকার রথতলার বাসিন্দা বাবু গিরিধারী লাল মোদি ছিলেন উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তিনি গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তিজীবনে তিনি একজন উদার, দানশীল ও সমাজহিতৈষী মানুষ হিসেবে সমাদৃত ছিলেন।
