কৃষকের হক চুরি; শাস্তি কেবল জরিমানা!

ডিঙ্গেদহে বিসিআইসি সার পাচারের সময় জনতার হাতে আটক

আপলোড তারিখঃ 2025-09-21 ইং
কৃষকের হক চুরি; শাস্তি কেবল জরিমানা! ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে কৃষকের জন্য বরাদ্দকৃত সরকারি ভর্তুকির বিসিআইসি টিএসপি সার পাচারকালে স্থানীয়দের হাতে ধরা পড়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে ডিলার হাবিবুর রহমানের গোডাউন থেকে আলমসাধুতে করে পাচারের সময় ধরা পড়ে ২৪ বস্তা সার। পরে ভ্রাম্যমাণ আদালতে ডিলারের ম্যানেজারকে মাত্র ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।


ঘটনার শুরু হয় গতকাল সন্ধ্যার পর। ডিঙ্গেদহ থেকে একটি আলমসাধুতে সার বোঝাই করে পাঠানো হচ্ছিল ভালাইপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় কৃষকেরা বিষয়টি জানতে পেরে দ্রুত আলমসাধুটি থামিয়ে দেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় স্থানীয় কৃষকেরা নিশ্চিত হন, এসব সার ছিল সরকারি ভর্তুকির টিএসপি, যা ডিলার হাবিবুর রহমানের মেসার্স হাবিবুর রহমান ডিলার পয়েন্ট থেকে কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল। অথচ ডিলার নিজেই গোপনে এই সার বেশি লাভে বিক্রির জন্য পাচার করছিলেন।


খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ ও উপজেলা কৃষি অফিসার আনিমুর রহমান। ঘটনাস্থলে সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলারের অনুপস্থিতিতে তার ম্যানেজার মমিনুল ইসলামকে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১) ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা আদায় হতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তবে জরিমানা আদায় করা হলেও স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষক রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা সার কিনতে গেলে বলা হয়, সার শেষ। অথচ রাতে পাচারের চেষ্টা চলছিল ২৪ বস্তা সরকারি টিএসপি সার। এটা স্পষ্ট চুরি। আর এই চোরকে মাত্র ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া- এটা কিসের বিচার?’ তিনি আরও বলেন, ‘ডিলারের লাইসেন্স বাতিল করে একজন সৎ ও কৃষকবান্ধব ডিলার নিয়োগ করতে হবে। না হলে আমরা বারবার বঞ্চনার শিকার হবো।’



স্থানীয়রা জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে বহুদিন ধরেই সারের গরমিল, চুরি এবং বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। কিন্তু প্রমাণের অভাবে সে রক্ষা পেয়ে আসছিল। এবার সরাসরি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। এত বড় অপরাধের জন্য মাত্র একটি জরিমানা করেই ছেড়ে দেওয়ায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।


এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ বলেন, ‘আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে ব্যবস্থা নিয়েছি। সার জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী জরিমানা আদায় করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা আরও কঠোর হবো।’


তবে, সাধারণ কৃষকরা বলছেন, সার পাচারের মতো গুরুতর অপরাধ করে কেউ পার পেয়ে গেলে দেশের কৃষি ব্যবস্থায় নৈরাজ্য বাড়বে। তাঁরা দাবি করেছেন, ডিলারের লাইসেন্স বাতিল, ফৌজদারি মামলা, এবং ভবিষ্যতে সঠিক তদারকি নিশ্চিত করার জন্য প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)