ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ¥ীপুরে ‘সংযোগ ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দলকা লক্ষ¥ীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলা আড়ায়টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে পাঁচশতাধীক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সংযোগ ফাউন্ডেশনের আয়োজনে এবং লক্ষ¥ীপুর যুব সমাজের অংশগ্রহণে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মেডিকেল ক্যাম্পে সাধারণ জ্বর-সর্দি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গাইনি, চর্মরোগসহ বিভিন্ন সমস্যায় ভোগা রোগীরা সেবা গ্রহণ করেন। বিশেষভাবে, স্থানীয় দুটি মাদরাসার প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর দাঁতের স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।
চিকিৎসা সেবা দেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করা চিকিৎসকরা। ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকদের মধ্যে ছিলেন-ডা. নাহিদ ফাতেমা রত্না, ডা. সুজা উদ্দীন পরাগ, ডা. আহসান হাবিব শাকিল, ডা. এ বি এম আবিদ হাসান এবং ডা. নাইমুর রহমান স্বপ্নীল। এদিকে, ফ্রি মেডিকেল ক্যাম্পের এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকে দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করেন।
একই গ্রামের কৃষক আব্দুল হালিম (৬৫) বলেন, ‘এ বয়সে এসে দেখছি ডাক্তাররা আমাদের দোরগোড়ায় এসে চিকিৎসা দিচ্ছেন। পেটে ব্যথা আর গ্যাস্ট্রিকের সমস্যা আমার। ডা. সাহেবরা দেখে ওষুধ দিয়েছেন। এত ভালো ব্যবহার, শহরের মতোই সেবা।’
গৃহিণী মমতাজ বেগম (৪৮), ‘সদরে গিয়ে ডাক্তার দেখাতে অনেক টাকা লাগে। এখানে বিনা খরচে চিকিৎসা পেয়েছি। ওষুধও দিয়েছে। এ ধরনের ক্যাম্প আরও হোক।’ মাদরাসা শিক্ষার্থী রায়হানুল ইসলাম (১৩) বলে, ‘আমরা দাঁতের চিকিৎসা পেয়েছি, জানলাম দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম। আমাদের মতো ছাত্রদের কথা ভেবে যে চিকিৎসকরা এসেছেন, তাদের জন্য দোয়া করি।’
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজকদের মধ্যে অন্যতম ডা. শাহরিয়ার সিয়াম নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘ডাক্তার হওয়ার পর নিজের গ্রামে এটাই আমার প্রথম ক্যাম্প। সাধ্যমতো চেষ্টা করেছি রোগীদের ভালোভাবে দেখার। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কাজ করছি। শুধু চিকিৎসা নয়, আমরা এখানে বেকার যুবকদের জন্য কেয়ারগিভার রেজিস্ট্রেশনের ব্যবস্থাও রেখেছি। সংযোগ ফাউন্ডেশনের লক্ষ্য, এমন উদ্যোগকে সারাদেশে ছড়িয়ে দেওয়া।’
