ছবির ক্যাপশন:
২০২৪-২৫ অর্থবছরের এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) ও ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানু, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী নারী ও কৃষকসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রিকেট সেট, ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন, প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং দুঃস্থ ও স্বনির্ভর হতে ইচ্ছুক মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ‘শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, আমাদের মানবিক উন্নয়নেও জোর দিতে হবে। আজকের যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তাদের মাদক, সন্ত্রাস বা অবক্ষয়ের পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব। খেলা শুধু বিনোদন নয়-এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা এবং নেতৃত্ব গঠনের কার্যকর মাধ্যম।’
তিনি আরও বলেন, ‘প্রান্তিক কৃষকদের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করা এবং নারীদের আত্মকর্মসংস্থানে সহায়তা প্রদান সরকারের জনবান্ধব উন্নয়ননীতিরই অংশ। আমরা চাই, কেউ যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না থাকে। ইউনিয়ন পর্যায়ে এ ধরনের কার্যক্রম উন্নয়নকে আরও বিকেন্দ্রীভূত এবং অন্তর্ভুক্তিমূলক করে তোলে।’
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে উপকরণগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। উপহারপ্রাপ্তরা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু সুবিধা নয়, তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে।
