ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘ইসলামী শ্রমনীতিই শ্রমিকদের অধিকার আদায়ের একমাত্র হাতিয়ার।’ গতকাল সোমবার সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত জীবননগরে শ্রমজীবী মানুষের সঙ্গে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন বলেন, ‘বিগত ৫৪ বছরে আমরা অনেক শাসন পরিবর্তন, নেতার পরিবর্তন, সংবিধানের পরিবর্তন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা চাই আগামী দিনে মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। জামায়াতে ইসলামীতে কোনো কর্মী ব্যক্তিস্বার্থে রাজনীতি করে না। আমাদের কর্মীরা আয়ের একটি অংশ সংগঠনের জন্য ব্যয় করে। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি বা রাহাজানিতে জড়ায় না।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনের রাষ্ট্র পরিচালনার সক্ষমতা জামায়াতে ইসলামী রাখে। জনগণ একবার আমাদের ভোট দিয়ে বিজয়ী করলে আমরা প্রমাণ করতে চাই, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।’ রুহুল আমিন আরও জানান, ‘জামায়াত বিজয়ী হলে সমাজ সংস্কার ও শোষণমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব। অন্যায়-অপরাধ বন্ধ করতে হলে বিকল্প কোনো পথ নেই।’
গণসংযোগ ছাড়াও সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত তিনি জীবননগরের বিভিন্ন আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক ও মুহতামিমদের সঙ্গে মতবিনিময় করেন। এর মধ্যে ছিল বাঁকা ইসলামিয়া কওমি মাদ্রাসা, কারিমিয়া রাশিদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, হরিহরনগর কওমি মাদ্রাসা, গোয়ালপাড়া কওমি মাদ্রাসা, গয়েশপুর হাফিজিয়া মাদ্রাসা, জীবননগর আলিয়া মাদ্রাসা ও হাসাদাহ কামিল মাদ্রাসা। এর আগে তিনি সকাল ৬টায় পাথিলা বীজ উৎপাদন খামারের কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিনের সভাপতি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক এবং জীবননগর পৌর জামায়াতের আমির ফিরোজ আহমেদ।
