ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিয়রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় নেতা-কর্মীরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগে অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন খাসকররা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পায়নি। দুর্নীতি আর লুটপাটের কারণে দেশ পিছিয়ে আছে। দেশের সম্পদ লুট করে বিদেশে বেগমপাড়া বানানো হয়েছে, অথচ আমরা একটি দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চাই।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, বেকার সমস্যার সমাধান, ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দায়িত্ব পেলে এক টাকাও দুর্নীতি হবে না এবং আমরা জনগণের কাছে প্রতিটি কাজের জবাবদিহিতা করব।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আইন ও আদালতবিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, মওলানা জামিরুল ইসলাম, উপজেলা প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি আমান উদ্দিন, মওলানা সামিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
