ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: অনৈতিক সম্পর্কের কারণেই রাজধানীর বাড্ডায় বাবা-মেয়ে খুন হন বলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। পুলিশের ধারণা, বাসায় সাবলেট-এ থাকা শাহিন প্রথমে শ্বাসরোধ করে জামিলকে হত্যা করেন। এই হত্যার দৃশ্য মেয়ে নুসরাত দেখে ফেলায় তাকেও খুন করেন শাহিন ও জামিলের স্ত্রী আরজিনা বেগম। বাড্ডা থানার পুলিশ এভাবেই জানিয়েছে। প্রাথমিক তদন্তেও এ ধারণাই করছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে উত্তর বাড্ডার ওই বাড়ি থেকেই জামিল হোসেন ও তাঁর নয় বছরের মেয়ে নুসরাতের লাশ উদ্ধার করে পুলিশ। এরই মধ্যে থানায় মামলা করেছেন নিহত জামিলের ভাই শামীম শেখ। এতে আসামি করা হয়েছে শাহিন ও আরজিনা বেগমকে। দুজনকেই আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত গাড়িচালক জামিলের স্ত্রীর সঙ্গে সাবলেটে থাকা শাহিনের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তাঁরা দুজন পরস্পর যোগসাজশে এই হত্যাকা-ের ঘটনা ঘটান। পুলিশ জানায়, এ ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি শাহিনকে খুলনা থেকে আটক করেছে পুলিশ। তিনতলা বাড়ির ছাদের একটি রুম ভাড়া নিয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন গাড়িচালক জামিল। এই কক্ষে জামিলকে রক্তাক্ত অবস্থায় পেলেও মেয়ে নুসরাতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যায়, স্ত্রীর অনৈতিক সম্পর্কের কারণে এ ঘটে।
