ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুরে শতবর্ষী একটি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন এক প্রভাবশালী ব্যক্তি। ফলে গত তিন দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন অন্তত সাতটি পরিবার। উপজেলার পাতিবিলা গ্রামটির পশ্চিম পাড়ায় বাঁশের বেড়া ও তার টেনে রাস্তা অবরোধ করেছেন স্থানীয় মোশারফ হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা দিয়ে তারা প্রতিদিন হাটে-বাজার, স্কুল-কলেজ ও চিকিৎসাসহ নানা প্রয়োজনে চলাচল করতেন। কিন্তু হঠাৎ করে মোশারফ হোসেন পুরো রাস্তাজুড়ে বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। এতে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। কেউ ঘর থেকে বের হতে পারছে না, অসুস্থ রোগী হলেও বাইরে নেওয়ার সুযোগ নেই।
ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রাস্তা ব্যবহার করছি। হঠাৎ করে বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়ায় আমরা কার্যত বন্দি হয়ে গেছি। অসুস্থ রোগী হলে হাসপাতালে কীভাবে নেব, ভাবতেই আতঙ্ক লাগছে।’ তিনি প্রশ্ন তোলেন রাস্তা ছাড়া আবদ্ধ বাড়িতে বসবাস কিভাবে বসবাস করা যাবে ?’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোশারফ হোসেন বলেন, ‘জমিটি আমি কিনেছি। কোনো রাস্তায় নয়, আমার জমিতে আমি বেড়া দিয়েছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
তবে এলাকাবাসীর দাবি, এটি সরকারি রাস্তা এবং দীর্ঘদিন ধরে জনগণের চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাদের মতে, প্রভাব খাটিয়ে রাস্তাটি জবরদখল করা হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। এটি যদি সরকারি রাস্তা হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
