ছবির ক্যাপশন:
সীমান্তে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এবং ভারতের ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৩/৭-এস এর কাছে সীমান্তের শূন্যরেখায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সাক্ষাতে বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি এবং তার সঙ্গে ছিলেন স্টাফ অফিসারসহ ১০ জন সদস্য। অপরদিকে বিএসএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন ১৯৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুগনথান এবং স্টাফ অফিসারসহ ১০ জন প্রতিনিধি।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই সৌজন্য সাক্ষাতে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল, বিজিবি-বিএসএফ এর পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখা, সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখা, সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, মানব পাচার প্রতিরোধ, পুশ-ইন না করার বিষয়ে প্রতিশ্রুতি, মাদক চোরাচালান রোধে যৌথভাবে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
আলোচনার পর উভয় ব্যাটালিয়নের কমান্ডার ও প্রতিনিধিরা সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২ কিলোমিটার হাঁটেন। সাক্ষাৎ শেষে উভয় বাহিনী আগামী দিনগুলোতেও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
