চুয়াডাঙ্গা-মেহেরপুরে দুই শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিকল্প উপায়ে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা

আপলোড তারিখঃ 2025-09-12 ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুরে দুই শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছবির ক্যাপশন: ফাইল ছবি

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনে উন্নয়নমূলক কাজের কারণে টানা দুই শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানায়, ১৩২ কেভি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সঞ্চালন লাইনের সার্কিট-২ এর উভয় প্রান্তে বাসে আপগ্রেডেশন কাজ চলবে ১৩ ও ২০ সেপ্টেম্বর। ফলে এই দুই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির (মেপবিস) আওতাধীন সব ৩৩ কেভি লাইন সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার (১০ সেপ্টেম্বর) মেপবিসের জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দপ্তরাদেশে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাইট অব ওয়ে পরিষ্কার ও গ্রাহকদের মাইকিংয়ের মাধ্যমে অবহিত করার কথাও বলা হয়েছে।

তবে, বিদ্যুৎ সরবরাহে যাতে পুরোপুরি বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে বিকল্প উপায়ে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে কিছু এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসময় লোডের সীমাবদ্ধতার কারণে ঘন ঘন লোডশেডিংয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে।

চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, ‘জাফরপুর গ্রিডে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩ কেভি মেইন সোর্স লাইন বন্ধ থাকবে। এতে পুরো চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। কুষ্টিয়া থেকে বিকল্প লাইনের মাধ্যমে সরবরাহ সচল রাখার চেষ্টা চলছে। তবে লাইনের সক্ষমতা কম থাকায় ঘন ঘন লোডশেডিং হতে পারে।’

তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়, তাহলে আগেভাবেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। আবার প্রয়োজনে কিছুটা সময় বাড়তেও পারে। তিনি আরও বলেন, ‘জনসাধারণের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে আগে থেকেই মাইকিংয়ের মাধ্যমে সবাইকে জানানো হয়েছে।’  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)