ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। হাবিলদার মাহফুজুর রহমানের নেতৃত্বে অভিযানে সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে প্রায় ৪০০ গজ ভেতরে, নতুনপাড়া গ্রাম থেকে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা সীমান্তবর্তী জনপদকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করছে। তবে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করার জন্য হস্তান্তরের প্রস্তুতি চলছে।
