ছবির ক্যাপশন:
রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত নারীর নাম মোসা. রেখসনা বেগম (৪২)। বাড়ি বরিশালের পটুয়াখালী জেলার গলাচিপা থানায়। তাঁর বাবার নাম হাতেম হাওলাদার। আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার বলেন, ‘লাশটি একটি প্লাস্টিকের বস্তায় ভরা ছিল। রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করি।’
তিনি আরও বলেন, ‘মরদেহের মুখমণ্ডলে পচন ধরেছে। নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। ধারণা করছি, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দী অবস্থায় এখানে ফেলে যায় দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, রেখসনা জুরাইন এলাকায় একটি বাসায় এক নারীর সঙ্গে সাবলেটে থাকতেন। পেশায় গৃহকর্মী হলেও মাঝে মাঝে ভিক্ষাবৃত্তিও করতেন। যাঁর সঙ্গে তিনি থাকতেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও জানান, রেখসনার স্বামী জীবিত, তবে তিনি অন্যত্র থাকেন। তাদের মধ্যে মাঝে মাঝে মোবাইলে যোগাযোগ হতো। ইতিমধ্যে রেখসনার স্বজনদের খবর দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
