ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘বাংলাদেশের মানুষ হানাহানি ও জুলুম পছন্দ করে না। প্রতিশোধের রাজনীতি নয়, দেশ গড়ার রাজনীতি দরকার।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার খেজুরা গোরস্থানপাড়ায় আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই মাদক থেকে দূরে রাখতে হবে। এ জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। জুলাই বিপ্লবের পর মানুষ আর অতীতে ফিরে যেতে চায় না। দেশকে এগিয়ে নিতে হলে সৎ নেতৃত্ব প্রয়োজন।’ এর আগে বিকেল চারটা থেকে তিনি সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া, হোগলডাঙ্গা ও নিমতলা গ্রামে গণসংযোগ করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসাইন, পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর উপজেলার সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলীনূর বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়ন আমীর আসমান আলী, শংকরচন্দ্র ইউনিয়ন আমীর মাওলানা আশাদুল হক প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. আলী আকবর জিন্নাহ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি আশিকুল ইসলাম।
