ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাবিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম দম্পতি ওই গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে আফুদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী পারভীনা (৫০)।
জানা গেছে, পৈত্রিক জমি মৃত আবুল মন্ডলের দুই ছেলে আফুদুল ও জাহিদুলের (৪৫) মধ্যে বিরোধ চলছিল। গতকাল এ নিয়ে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে ঝগরা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই ভাই মুখোমুখি হলে ছোট ভাই জাহিদুল আফুদুল ও পারভীনাকে কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।
জখম আফুদুলের ভাতিজা ইসমাইল হোসেন বলেন, ‘মাঠের একটি জমি নিয়ে বাড়িতে ঝগড়া চলছিলো কয়দিন ধরে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এরই জেরে ছোট চাচা আমার মেজ চাচা ও চাচিকে হাতে থাকা দায় দিয়ে আঘাত করে। পরে সবাই মিলে তাদের হাসপাতালে নিয়ে এসেছি। ছোট চাচা মাফ চেয়েছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, রাতে জখম অবস্থায় আফুদুল ও পারভীনা নামের এক দম্পতি জরুরি বিভাগে আসে। আফিদুলের মাথায় দুটি জখম ও পারভীনার হাতে একটি জখম পাওয়া যায়। গুরুতর না হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।’
