ছবির ক্যাপশন:
ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম। মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে ফলাফল ঘোষণার সময় তিনি ফেসবুকে লিখেছেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’
ডাকসু নির্বাচনে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হলেও সন্ধ্যার পর উত্তেজনা তৈরি হয়। রাত দেড়টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা শুরু হলে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকসহ (এজিএস) বিভিন্ন পদে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে যেতে থাকেন।
এ সময় ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম রাত ২টা ২০ মিনিটে ফেসবুকে পোস্ট দেন। তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন, এটিই তাঁদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।’
তিনি আরও লেখেন, ‘আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।’
তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘যাহোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের কাছে, আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যত দিন থাকব আপনাদের পাশেই থাকব।’
অন্যদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রাত আড়াইটার দিকে ফেসবুকে লিখেন, ‘চলিতেছে সার্কাস। কে কে দেখছেন?’
